মোঃ সোহাগ আরেফিন গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
১৭ মাস বয়সি নাফিজ ও নাঈম নামের যমজ দুই শিশু খেলতে গিয়ে একসাথে কীটনাশক পান করেছে। পৃথক স্থানে তিন বছর বয়সি আরেক শিশু ফারহানও কীটনাশক পান করে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়ে। সোমবার দুপুরে অসুস্থ্য ওই তিন শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অসুস্থ্য শিশু নাফিজ ও নাঈম গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বিলকাঠোর গ্রামের শাকিল হাসানের যমজ সন্তান। অপর শিশু ফারহান নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামের মজনু শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানাগেছে, ফসলের জমিতে ব্যবহারের জন্য বাড়ির পাশে কীটনাশক রাখা ছিল। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে খেলতে গিয়ে দুই শিশু নাফিজ ও নাঈম বোতলের কীটনাশক পান করে। এছাড়া বাড়ির পাশের লিচু বাগানে কীটনাশক স্প্রে করার সময় শিশু ফারহান কীটনাশক পান করে। এতে তারা অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ আতিকুল ইসলাম জানান, কীটনাশক পান করা তিন শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। সময় মতো হাসপাতালে আনায় তিন শিশু এখন আশংকামুক্ত।#








