আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ এবং তাঁর স্ত্রী ফৌজিয়া আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৩ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, মাহবুব উল আলম হানিফ ও তাঁর স্ত্রী পরস্পরের সহায়তায় ও যোগসাজশে মোট ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকা মূল্যের জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেছেন।
এ ছাড়া তাঁদের নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে, যা মানি লন্ডারিংয়ের আওতায় পড়ে।
দুদক জানিয়েছে, প্রাপ্ত তথ্য ও উপাত্তের ভিত্তিতে শিগগিরই তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।







