রিপোর্টার: রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল ব্যুরো চীফ
বরিশালের গৌরনদীতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি কর্মসূচিতে অংশ নিতে গিয়ে বিএনপি নেতা মিরাজ ফকির (৫০) মারা গেছেন। তিনি আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে, কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে। বিএনপি নেতারা জানান, মিরাজ ফকির অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুনীম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
এদিকে কর্মসূচিতে অংশ নিতে এসে আরও ১০–১২ জন বিএনপি কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
জানা গেছে, সকাল ১০:৩০টায় গৌরনদী কলেজ মসজিদ মাঠে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে গৌরনদী বাসস্ট্যান্ড থেকে একটি বিজয় মিছিল বের হয়, যা বিভিন্ন এলাকা ঘুরে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
অন্যদিকে, একই দিনে আগৈলঝাড়ায় পৃথকভাবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের পক্ষ থেকে র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিকেলে আরও একটি র্যালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় নেতা আকন কুদ্দুসুর রহমানের নেতৃত্বে।
স্থানীয় সূত্র জানায়, গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা বিএনপি বর্তমানে তিনটি পৃথক ধারায় বিভক্ত হয়ে কর্মসূচি পালন করছে। জহির উদ্দিন স্বপন, আকন কুদ্দুসুর রহমান এবং ইঞ্জিনিয়ার আবদুস সোবহান—তিনজনই বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।








